আরও বেশি সংখ্যক মানুষকে করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য বয়সসীমা কমিয়ে ৩০ বছর করেছে সরকার । সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা থেকেই ৩০ বছর বয়সীরা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধনের সুযোগ পেয়েছে। জানা গেছে, বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনা হবে।
স্বাস্থ্য অধিদফতরের এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, রোববার এ বিষয়ে মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতি এক সপ্তাহ পর পর ৫ বছর কমিয়ে বয়সসীমা নির্ধারণ করা হবে।
সরকার এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে, যার মধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা। ১৭ জুলাই পর্যন্ত দেশের ১ কোটি ১১ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৩ লাখ মানুষ দুটি ডোজই পেয়েছেন।
জানা গেছে, ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়া হবে। সরকারের তথ্য অনুযায়ী, ৪৭ হাজার ২৪০ জন রোহিঙ্গাকে কক্সবাজারের আশ্রয়শিবিরের ৬২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ভ্যাকসিন ডোজ ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ কক্সবাজারের সিভিল সার্জনের দপ্তরের উদ্দেশে পাঠানো হয়েছে।
শরণার্থী শিবিরগুলোতে টিকাদান ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। যারা এ সময়ে টিকা নিতে পারবেন না, তাদের ২৫ ও ২৬ আগস্টে টিকা দেওয়া হবে।